দিনের শেষ বলে আউট হয়েছে তাওহিদ হৃদয়। মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লু হয়েছেন ১৩৭ রানের অসাধারণ এক ইনিংস খেলে। তাতে ভেঙেছে লিটন দাস ও হৃদয়ের ২০৬ রানের ষষ্ঠ উইকেট জুটি। বাংলাদেশ দিন শেষ করেছে ৬ উইকেটে ৩২৭ রান তুলে। টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। অপর প্রান্তে লিটন দাশ আগামীকাল দিন শুরু করবেন ৯২ রান নিয়ে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। আজ জোহানেসবার্গে শুরু হয় সিরিজের প্রথম টেস্ট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিনের শুরুতেই তিন উইকেট হারালেও দলকে চাপমুক্ত করে প্রথম সেশন শেষ করেছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে আবারও ঘটে ছন্দপতন। রাবাদার একই ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ। পরে লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন হৃদয়। ফলে চা বিরতির আগে আর কোনো উইকেট হারাতে হয়নি সফরকারীদের।
জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ২২ বছর বয়সী ব্যাটার মাহফিজুল ইসলাম রবিনের। কিন্তু তার শুরুটাই হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। কাগিসো রাবাদার করা ইনিংসের প্রথম বলেই তিনি গালিতে ক্যাচ দিয়েছেন মার্কো জানসেনের হাতে। এ নিয়ে টেস্টে মাত্র চতুর্থ এবং বাংলাদেশের প্রথম অভিষিক্ত ব্যাটার হিসেবে ইনিংসের প্রথম বলে ফেরেন রবিন।
এরপর ৭ বলে রানের খাতা খোলার আগেই রাবাদার হালকা বাউন্স হওয়া বলে উইকেটের পেছনে ধরা পড়েন মুমিনুল হক। ডিফেন্ড করতে চাইলেও বল তার ব্যাট ছুঁয়ে যায়। তিনে নামা অধিনায়ক শান্তকে ইতিবাচক মনে হয়েছিল, কিন্তু রাবাদার ইনসুইংয়ে বোঁকা বনে গেছেন তিনি। তার ড্রাইভ খেলতে চাওয়া ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে কয়েক পাক খেয়ে পড়ে। ২৩ বলে ১২ রান করে শান্ত।
এরপর দেখেশুনে খেলতে থাকেন হৃদয়-তানজিদ জুটি। বাংলাদেশকে চাপমুক্ত করে দলীয় স্কোর বড় করছিলেন তারা। এর মধ্যেই ফিফটি তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। দুজনের জুটিতে আসে ৯৯ রান।
তানজিদের সামনে ফিফটিকে শতকে রূপ দেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেটা হতে দেননি রাবাদা। প্রোটিয়া পেসারের করা বলে বোল্ড হন তানজিদ। আউট হওয়ার আগে ১০৮ বলে ৬৭ রান করেন তিনি। পরের বলে আরও একটি উইকেট হারায় টাইগাররা। প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম।
দ্রুত দুই উইকেট হারালে ফের দুঃচিন্তায় পড়ে বাংলাদেশ শিবির। তবে হৃদয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় চাপ সামলে দিন শেষ করে টাইগাররা।
পূর্বকোণ/আরআর


















