চট্টগ্রাম সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হরমুজের ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনার পথে ভারত-রাশিয়া

হরমুজের ঝুঁকি এড়াতে অভিনব পরিকল্পনার পথে ভারত-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৬ | ৭:১৫ অপরাহ্ণ

বসফরাস ও হরমুজ প্রণালিতে যাতায়াতের ঝুঁকি কমাতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা রাশিয়ার জন্য জরুরি- তাস সংবাদ সংস্থাকে একথা বলেছেন রুশ উপপ্রধানমন্ত্রী।

 

সরাসরি রেলপথে এবার ভারতের সঙ্গে জুড়তে চাইছে রাশিয়া। খোদ রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে এ নিয়ে আশার কথা শুনিয়েছেন রুশ উপ-প্রধানমন্ত্রী মারাত খুশনুলিন।

 

‘তাস’-কে দেওয়া সাক্ষাৎকারে খুশনুলিন বলেছেন, বসফরাস প্রণালি ও হরমুজ প্রণালিতে যাতায়াতের ঝুঁকি কমাতে ভারত মহাসাগর পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা রাশিয়ার জন্য জরুরি।

 

সম্ভাব্য এই করিডোরের বিষয়টি বিস্তারিত আলোচনা করতে গিয়ে খুশনুলিন বলেন, এই রেলপথ নির্মাণ হলে তা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে ভারতে পৌঁছবে। ভারতের সঙ্গে সংযোগ স্থাপনকারী যে কোনও পথকে কার্যকর হিসেবে বিবেচনা করা হবে।

 

প্রস্তাবিত এই নেটওয়ার্ক বাস্তবায়িত হলে রাশিয়া ও ভারতের মধ্যে সরাসরি স্থলপথে রেল-পণ্য পরিবহনের সুযোগ তৈরি হবে।

 

খুশনুলিন বলেন, “ভারত মহাসাগর পর্যন্ত একটি রেলপথ করা যায় কি না, ভেবে দেখা উচিত। বসফরাস ও হরমুজ প্রণালিতে ঝুঁকির কারণে বিকল্প পথের প্রয়োজন হতে পারে—যেমন তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য দিয়ে যাওয়া পথ। ভারতের সঙ্গে সংযোগ তৈরি হয় এমন যে কোনও বিকল্পই গ্রহণযোগ্য।”

 

ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে সামুদ্রিক জাহাজ চলাচলে বিঘ্ন বাড়ায় বাণিজ্য পথের এই বিকল্প প্রস্তাব দিয়েছে রাশিয়া।

 

গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসারায়েল। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েল, বাহরাইন, জর্ডন, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

 

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতেও ইরান অবরোধ ঘোষণা করে। জলপথটি দিয়ে বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২৫ শতাংশ এবং বিশ্বব্যাপী তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয়।

 

ব্যস্ততম এই জ্বালানি রুটে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আটে যায় বহু তেলবাহী জাহাজ। যার বড় ফল ভুগতে হয়েছে ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে সমস্যায় পড়েছে ভারত ও রাশিয়া দুই দেশই। এবার সেই সমস্যার সমাধানেই ওই বড় বিকল্পের কথা ভাবছে রাশিয়া।

 

সূত্র: এনডিটিভি

পূর্বকোণ/আদর/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট