চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৫ নভেম্বর, ২০২৬ | ১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় আট বছরের শিশু সোহাগ হত্যা মামলায় মো. ইমন হোসেন (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 
দণ্ডপ্রাপ্ত মো.ইমন হোসেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়া রব চৌকিদার মাঝির বাড়ির আব্দুল করিমের ছেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১ এর বিচারক নিষ্কৃতি হাগিদক এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আট বছরের শিশু সোহাগ হত্যা মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. ইমন হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
মামলা নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ দুপুরে পতেঙ্গার খালপাড় এলাকায় খেলছিল আট বছর বয়সী শিশু সোহাগ। এ সময় রিকশাচালক ইমন হোসেন তাকে বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চেয়ারম্যান গলির একটি পরিত্যক্ত ভাড়া ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ৫০ টাকা দিয়ে অনৈতিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করেন। এতে সোহাগ বাধা দিয়ে চিৎকার ও পালানোর চেষ্টা করলে ইট দিয়ে তার মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করে ইমন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় পরিত্যক্ত ঘর থেকে সোহাগের মরদেহ উদ্ধার করেন। এসময় মরদেহের পাশে রক্তমাখা ইট পাওয়া যায়। পরে পাঁচ বছর বয়সী এক শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ইমনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। এ ঘটনায় সোহাগের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া নগরীর পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০১৮ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৯ সালের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট