রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা অর্জনে বড় ঘাটতিতে রয়েছে দেশের সিংহভাগ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) গত অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে ৬ দশমিক ৯৯ শতাংশ। এ সময়ে আদায় হয়েছে ২৭ হাজার ৯৯৫ কোটি ৫২ লাখ টাকা। অথচ চার মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৬৩৭ কোটি ১৭ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে ১৪ হাজার ৬৪১ কোটি ৬৫ লাখ টাকা। চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ের তুলনামূলক চিত্র থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত হিসাব অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় হয়েছিল ২৬ হাজার ১৬৬ কোটি ৬০ লাখ টাকা। চলতি অর্থবছরের একই সময়ে আদায় বেড়েছে ১ হাজার ৮২৮ কোটি ৯২ লাখ টাকা। এতে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৭ শতাংশ। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় আদায় হয়েছে প্রায় ৬৫ দশমিক ৬৫ শতাংশ। অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় ৩৪ দশমিক ৩৫ শতাংশ এখনো অনাদায়ী রয়েছে।
মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, চার মাসের মধ্যে দুই মাসে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। অন্য দুই মাসে বেড়েছে আদায়। জুলাই ও সেপ্টেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় কমলেও আগস্ট ও অক্টোবরে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ৯২৫ কোটি ৬৯ লাখ টাকা। গত অর্থবছরের একই মাসে আদায় হয়েছিল ৭ হাজার ৪২৯ কোটি ৩৮ লাখ টাকা। ফলে এ মাসে রাজস্ব আদায় কমেছে ৫০৩ কোটি ৬৯ লাখ টাকা। প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক ৬ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে, আগস্টে রাজস্ব আদায়ের চিত্রে উন্নতি হয়। ওই মাসে আদায় হয়েছে ৭ হাজার ৯৬ কোটি ৯০ লাখ টাকা। গত অর্থবছরের আগস্টে আদায় হয়েছিল ৫ হাজার ৪৮৯ কোটি ২৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার ৬০৭ কোটি ৬৩ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২৯ দশমিক ২৯ শতাংশ। তবে সেপ্টেম্বরে আবারও রাজস্ব আদায় কমে যায়। ওই মাসে আদায় হয়েছে ৬ হাজার ৭৬৫ কোটি ৫ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৭ হাজার ৯৫৪ কোটি ৫২ লাখ টাকা। ফলে এ মাসে আদায় কমেছে ১ হাজার ১৮৯ কোটি ৪৭ লাখ টাকা। নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ।
অন্যদিকে, সেপ্টেম্বরের ঘাটতি কাটিয়ে অক্টোবরে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। এ মাসে আদায় হয়েছে ৭ হাজার ২০৭ কোটি ৮৮ লাখ টাকা। গত অর্থবছরের অক্টোবরে আদায় হয়েছিল ৫ হাজার ৩০২ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার ৯০৫ কোটি ৪৫ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৩৫ দশমিক ৯৪ শতাংশ। চার মাসের মধ্যে এটিই সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি।
এদিকে, রাজস্ব আদায়ে এই প্রবৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আমদানি কার্যক্রমের স্বাভাবিক ধারাবাহিকতার ওপর গুরুত্ব দিচ্ছে তারা। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, রাজস্ব আদায়ে যে প্রবৃদ্ধি হয়েছে, তা ইতিবাচক। রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত রাখতে কাস্টমসের কার্যক্রম আরও গতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, আমদানি কার্যক্রমের ওপর রাজস্ব আদায় অনেকটাই নির্ভরশীল। আমদানি কার্যক্রম স্বাভাবিক থাকলে এবং বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সুযোগ রয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















