বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম আবারও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, সংগঠনের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য তিনি আমির নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৫-২৬ সেশনেও তিনি চট্টগ্রাম মহানগর জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন।
গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা ও মহানগর আমিরদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরদের নাম রয়েছে।
ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের রুকনদের গোপন ব্যালটের মাধ্যমে আমিররা নির্বাচিত হয়েছেন।
পূর্বকোণ/পারভেজ


















