টেকনাফের হ্নীলা সীমান্তে আবারও বড় ধরনের মাদকের চালান আটক করেছে এসআরবি-১৫ (র্যাব)। অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি দেশীয় তৈরি রামদাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্ত সংলগ্ন ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন: হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) ও মৌলভীবাজার এলাকার মো. আদিল (২৬)।
লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ জানতে পারে কতিপয় মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করছে।
পূর্বকোণ/আরআর


















