চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা দেবে জাইকা

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর, ২০২৬ | ৩:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এ অর্থে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ৫০টির বেশি আধুনিক যানবাহন এবং ল্যান্ডফিল পরিচালনার প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণেও সহযোগিতা করবে সংস্থাটি।

 

আজ বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠকে এসব তথ্য জানানো হয়।

 

বৈঠকে জানানো হয়, সম্ভাব্য অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে (ফিজিবিলিটি স্টাডি) এর মধ্যে অনুমোদন দিয়েছে জাপান সরকার। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে জাইকার সদর দপ্তরের একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রামে আসবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের জন্য চসিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ-নন্দীরহাট এলাকায় ২৮ একর জমি অধিগ্রহণ করেছে। এর মধ্যে একটি প্লটে ১৮ একর এবং পাশের আরেকটি প্লটে ১০ একর জমি রয়েছে।

 

বৈঠকে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, জাইকা বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আব্দুল্লাহ বিন হোসেন এবং জাইকার বিশেষজ্ঞ দলের সদস্য তাকাতোশি আরাই, হিরোফুমি মিয়োশি, সাতোশি হিগাশিনাকাগাওয়া ও প্রকৌশলী গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট