চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে গ্রেপ্তার ৮৭৯

নিজস্ব প্রতিবেদক

২ নভেম্বর, ২০২৬ | ৬:২২ অপরাহ্ণ

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় একদিনে ৮৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৪৪৯ জন। তাঁদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

রবিবার (১ নভেম্বর) পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার (২ নভেম্বর) দুপুরে জানানো হয়।

 

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দুজন রয়েছেন।

 

চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশি মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদক মামলায় গ্রেপ্তার ৬৭ জনের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট