চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে অক্টোবরেই ডেঙ্গুতে আক্রান্ত ২৬০৮

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে চলতি বছরের অক্টোবরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৮ জন, যা অন্য সব মাসের তুলনায় সর্বোচ্চ। অক্টোবরের রোগীর সংখ্যা বেড়ে চলতি বছর গত তিন বছরের মধ্যে ডেঙ্গু সংক্রমণে শীর্ষে পৌঁছেছে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪ জন। মারা গেছেন ৩৬ জন।

 

অক্টোবরের পর নভেম্বরকেও ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ মনে করছেন চিকিৎসকেরা। তাঁদের ধারণা, থেমে থেমে বৃষ্টি হওয়ায় এখনই ডেঙ্গুজ্বর থেকে নিস্তারের আশা নেই। জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ার আশঙ্কাও রয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের শনিবার (৩১ অক্টোবর) পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরের শেষ দিনে নতুন করে ৮৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন একজন। তাঁর নাম নূর আয়েশা (৬২)। তিনি কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা ছিলেন।

 

শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে অক্টোবরে ডেঙ্গুতে মারা গেলেন ১৫ জন।

 

এর আগে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ৪৩০ জন। ওই মাসে মারা যান ১৬ জন। আগস্ট থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। ওই মাসে ১ হাজার ২০২ জন আক্রান্তের বিপরীতে মারা যান দুজন।

 

অক্টোবর পর্যন্ত চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামে ১৪ হাজার ৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে মারা যান ১০৭ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩, মৃত্যু হয় ৪৫ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন, মারা যান ২৭ জন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট