নগরীর অন্যতম পর্যটনকেন্দ্র ফয়ে’সলেক এলাকায় ফুটপাত দখলমুক্ত, পরিবেশের সৌন্দর্য সংরক্ষণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ফয়ে’সলেক চিড়িয়াখানা এলাকায় চসিকের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা বিপুলসংখ্যক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
অভিযানকালে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য, অবৈধ দখলদারদের ব্যবসা পরিচালনার জন্য নয়। নগরীর ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, ফয়ে’সলেক চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে চসিকের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে।
প্রশাসক বলেন, নগরীর ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ ও সৌন্দর্য সংরক্ষণে চসিকের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
পূর্বকোণ/আরআর


















