চট্টগ্রাম শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৯৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসময়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক করা হয়েছে ৫১৭ জনকে।
তাদের মধ্যে ৩৬০ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পরিচালিত অভিযান ও গ্রেপ্তারসংক্রান্ত একদিনের এসব তথ্য শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৯৭৮ জনের মধ্যে নিয়মিত মামলায় ৬০ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৭০ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৩ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে গ্রেপ্তার হয়েছেন ১১৫ জন।
তাদের মধ্যে মাদক বহনকারী চারজন, মাদক সেবনকারী ৬৭ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৩টি মাদক মামলা করা হয়েছে এবং ৭ হাজার ৬১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ২৫৭টি ইয়াবা বড়ি, ৫১ কেজি ৬৪০ গ্রাম গাঁজা, ১১৬ লিটার চোলাই মদ, ৭০ বোতল বিদেশি মদ এবং ১০৯টি ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চাঁদপুরে একজন, নোয়াখালীতে দুজন, লক্ষ্মীপুরে একজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।
এদিকে  কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ২৩৬ জনকে আটক করা হয়েছে কুমিল্লা থেকে। এ ছাড়া চট্টগ্রামে ৯৮, লক্ষ্মীপুরে ৩৫, ফেনীতে ৩৪, চাঁদপুরে ২৮, নোয়াখালীতে ২৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, রাঙামাটিতে ১৫, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১২ এবং বান্দরবানে পাঁচজনকে আটক করা হয়েছে।
আটক কিশোরদের মধ্যে ৩৬০ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৫৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট