প্রান্তিক খামারিদের সুবিধার্থে সরকারি ভর্তুকিতে সাশ্রয়ী মূল্যে ডিম ও একদিনের বাচ্চা সরবরাহের লক্ষ্যে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় নগরীর খুলশী আঞ্চলিক মুরগি খামার। মানসম্মত ডিম ও বাচ্চা দিয়ে ক্ষুদ্র খামারিদের আস্থা অর্জনের পাশাপাশি বছরে প্রায় কোটি টাকা রাজস্ব আয় করছে প্রতিষ্ঠানটি। তবে বিপুল সম্ভাবনা থাকলেও জরাজীর্ণ অবকাঠামো, পুরোনো ফিড মিল ও জনবল সংকটে বর্তমানে ধুঁকছে সরকারি এই খামার। এতে স্থানীয় ক্ষুদ্র খামারিদের চাহিদার সিকিভাগও মেটানো সম্ভব হচ্ছে না। দেশে সরকারি পর্যায়ে ঢাকার মিরপুরে একটি কেন্দ্রীয় মুরগির খামার রয়েছে। আর আঞ্চলিক খামার আছে মাত্র দুটি-তা হলো চট্টগ্রাম ও রাজশাহীতে। খুলশীর এ আঞ্চলিক খামারে মিসরীয় ‘ফাওমি’ এবং আমেরিকান ‘রোড আইল্যান্ড রেড’ (আরআইআর) জাতের মুরগির একদিনের বাচ্চা উৎপাদন করা হয়। এর মধ্যে বাজারে ফাওমি জাতের মুরগির চাহিদা বেশি। খামারে উৎপাদিত বাচ্চা সীতাকুণ্ড, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও রাঙামাটির সরকারি মুরগির খামারে সরবরাহ করা হয়। সেখানে দুই মাস পালনের পর সেগুলো ক্ষুদ্র খামারিদের কাছে বিক্রি করা হয়। সরকারি খামারগুলোতে দেওয়ার পর যেসব বাচ্চা বাকি থাকে, তা প্রতি রবিবার খুলশী আঞ্চলিক মুরগী খামার থেকে সরাসরি ক্ষুদ্র খামারিদের কাছে বিক্রি করা হয়। আর বাচ্চা ফোটানোর পর উদ্বৃত্ত ডিম প্রতি সপ্তাহের সোমবার সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। একদিনের বাচ্চা নেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হয়।
বর্তমানে এই খামারে চার হাজার ৫০০টি লেয়ার মুরগি আছে। এর মধ্যে প্রতিদিন গড়ে দুই হাজার ২০০ মুরগি ডিম দেয়। বাজারদরের চেয়ে অর্ধেক দামে, মাত্র ৮ টাকা পিস হিসেবে এখানে ডিম বিক্রি হয়। অন্যদিকে, একদিনের প্রতিটি মুরগির বাচ্চার দাম বছরের নয় মাস রাখা হয় ১৫ টাকা। তবে শীতকালে (নভেম্বর থেকে জানুয়ারি) মুরগির চাহিদা ও উৎপাদন দুটোই কম থাকায় তখন বাচ্চার দাম রাখা হয় ১২ টাকা।
নগরীর আঞ্চলিক এ মুরগী খামারে কম দামে ভালো মানের ডিম ও বাচ্চা কিনতে খামারি এবং সাধারণ মানুষের ভিড় থাকলেও অবকাঠামো ও জনবল সংকটে খামারের উৎপাদন বাড়ানো যাচ্ছে না। নব্বইয়ের দশকে তৈরি মুরগির শেডগুলো এখন জরাজীর্ণ, চলছে জোড়াতালি দিয়ে। ১৯৯১ সালে বসানো ফিড মিলটিও পুরোনো হয়ে পড়েছে। বাজারে এখন অনেক অত্যাধুনিক ফিড মিল এলেও তিন দশকের পুরোনো মিল দিয়েই কাজ চালাতে হচ্ছে। তার ওপর রয়েছে জনবল সংকট। হ্যাচারি অ্যাটেনডেন্টের দুটি পদের দুটিই শূন্য। ফিড মিল অ্যাটেনডেন্টের তিনটি পদের মধ্যে একটি শূন্য। বাধ্য হয়ে একজন ট্রাক সহকারী অন্যের কাজ দেখে শিখেই ফিড মিলে কাজ চালাচ্ছেন।
আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালক ডা. সৈয়দ মোহাম্মদ ওয়ারেস কামাল জানান, ক্ষুদ্র খামারিদের ডিম ও একদিনের বাচ্চার যে বিপুল চাহিদা রয়েছে, তার সিকিভাগও তারা পূরণ করতে পারছেন না। তিনি বলেন, খামারে জনবল সংকট প্রকট। বর্তমানে যারা শেড অনুযায়ী টেকনিক্যাল কাজগুলো করছেন, তারা আগামী ছয় মাসের মধ্যে অবসরে চলে যাবেন। নতুন করে জনবল নিয়োগ না হলে খামার চালানোই কঠিন হয়ে যাবে।
তবে সংকটের মধ্যেও সীমিত সামর্থ্যে উৎপাদন বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন খামার কর্তৃপক্ষ। খামারে প্রতিটি মুরগি থেকে বছরে ১৮০টি করে মোট আট লাখ ১০ হাজার ডিম এবং সাড়ে তিন লাখ থেকে চার লাখ একদিনের বাচ্চা উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকে। গত তিন অর্থবছরের হিসাবে দেখা যায়, খামারে উৎপাদন ও রাজস্ব আয় বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এ খামারে তিন লাখ ৫৯ হাজার ৬৯৮টি বাচ্চা এবং পাঁচ লাখ ৭৫ হাজার ৮৪০টি ডিম উৎপাদন হয়। পরের বছর (২০২৪-২৫) তা বেড়ে দাঁড়ায় তিন লাখ ৭৮ হাজার ৮৩১টি বাচ্চা ও ছয় লাখ ১৫ হাজার ১১৫টি ডিমে। আর সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চার লাখ সাত হাজার ৩২২টি বাচ্চা এবং ৮ লাখ ১৮ হাজার ২৭৩টি ডিম উৎপাদিত হয়েছে। উৎপাদন বাড়ায় সরকারের রাজস্ব আয়ও ২০২৩-২৪ অর্থবছরের ৭৪ লাখ ৯৪ হাজার ৮৯৩ টাকা থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ৮৭ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকায় এবং ২০২৫-২৬ অর্থবছরে ৯৯ লাখ ৫৯ হাজার ৩৪৮ টাকায় পৌঁছেছে।
আঞ্চলিক মুরগি খামারের উপ-পরিচালকের মতে, দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ, পুরোনো শেড সংস্কার এবং আধুনিক ফিড মিল স্থাপন করা হলে খুলশীর এই সরকারি খামারের উৎপাদন সক্ষমতা বাড়ানো সম্ভব। এতে প্রান্তিক খামারিরা যেমন উপকৃত হবেন, তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
পূর্বকোণ/মিফতা


















