চট্টগ্রাম বন্দরে বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কন্টেইনার ভর্তি ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি বিশাল চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দকৃত এ তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চালানটি ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে আনা হয়েছিল।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃত চালানের প্রাথমিক পর্যালোচনায় আমদানিমূল্যে বড় ধরনের অসংগতি ও শুল্ক ফাঁকির চেষ্টা ধরা পড়ে। একই এইচএস কোডের (HS Code) পণ্য পূর্বে প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হলেও, উক্ত চালানে পণ্যমূল্য প্রতি কেজিতে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার ঘোষণা করা হয়েছিল। পূর্ববর্তী প্রকৃত মূল্য হিসাব করলে এই চালানে সম্ভাব্য আমদানি শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।
পূর্বকোণ/আরআর



















