চট্টগ্রাম জেলায় ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে একদিনে ১ হাজার ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৫৫ জনকে।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১১২ জন, পূর্ববর্তী মামলায় ৮৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫১ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানামূলে ১৪৮ জন, সাজা পরোয়ানামূলে ২৬ জন এবং মাদক মামলায় ৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক বহনকারী ও ৯০ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদক-সংশ্লিষ্ট ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ১৪৮ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে দুজন, কুমিল্লায় তিনজন, চাঁদপুরে তিনজন, নোয়াখালীতে একজন ও লক্ষ্মীপুরে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৫৫ জনের মধ্যে ৩৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২২৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৭ জন, লক্ষ্মীপুরে ৭০ জন, চাঁদপুরে ৫০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩১ জন, নোয়াখালীতে ২৩ জন, ফেনীতে ১৯ জন, রাঙামাটিতে ১৭ জন, কক্সবাজারে ১১ জন, খাগড়াছড়িতে আটজন এবং বান্দরবানে তিনজনকে আটক করা হয়েছে।
পূর্বকোণ/আরআর



















