চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করাসহ নানা অপরাধে সাম’স নামে এক রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় আরও দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত বিভিন্ন উপকরণ ব্যবহার করে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করা, রান্না করা বাসি খাবার কাঁচা মাছ মাংসের সাথে একই ফ্রিজে অস্বাস্থ্যকর সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পাউরুটি খাদ্যদ্রব্য প্রস্তুতের জন্য সংরক্ষণের অপরাধে সাম’স নামে এক রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দেশি মাগুর মাছের সাথে চাষের শিং মাছ মিশিয়ে বিক্রি এবং চাষের শিং মাছ দেশি মাছ হিসেবে বিক্রির অপরাধে খালেকের মাছের দোকানকে ৫ হাজার টাকা এবং আনোয়ার ফিসকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পাউরুটি দিয়ে বার্গার প্রস্তুত করা এবং কয়েক দিনের পুরাতন পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য সিপি ফাইভ স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নানা অপরাধে আজ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর


















