চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ডা. শাহাদাত হোসেনের

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৬ | ১০:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, শান্তিপূর্ণ, নান্দনিক ও সম্প্রীতির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

 

রবিবার বিকেলে সম্মিলিত প্রবারণা উদযাপন পরিষদের আয়োজনে চট্টগ্রাম নগরীর নন্দন কানন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে প্রবরণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোৎসব-২০২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এ নগরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবে। কোনো অপশক্তি যেন নগরীর সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

এদিকে উৎসব মুখর পরিবেশে বন্দর নগরী চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, শীল গ্রহণ, প্রদীপপূজা পালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

 

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামে আকাশে ছড়িয়ে পড়েছে নানা রঙ-বেরঙের বিভিন্ন আকারের ফানুস। চট্টগ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম মন্দির নন্দনকানন বৌদ্ধ মন্দিরের চার পাশে লোকেলোকারণ্য।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট