চট্টগ্রাম রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

৬ মাসের মধ্যে নগরীর অধিকাংশ প্রধান সড়ক সংস্কার করা হবে: ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৬ | ৮:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর অধিকাংশ প্রধান সড়ক আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরীর বিদ্যমান প্রকৌশলগত সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

রোববার টাইগারপাসের চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কার্যালয়ে প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।

 

সভায় নগরীর সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ফুটওভার ব্রিজ নির্মাণ, পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রকৌশলগত সহায়তা এবং সড়কের মধ্যবর্তী আইল্যান্ডে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

 

সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে শীতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় আবহাওয়া ও পরিবেশগত পরিস্থিতি তুলনামূলকভাবে অনুকূলে থাকায় সড়ক সংস্কারসহ বিভিন্ন প্রকৌশলগত কাজ দ্রুত ও পরিকল্পিতভাবে সম্পন্ন করার সুযোগ রয়েছে। তাই এই সময়কে সর্বোচ্চ কাজে লাগিয়ে আগামী ছয় মাসের মধ্যে নগরীর অধিকাংশ প্রধান সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে।

 

তিনি বলেন, নগরীর কোন এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত, কোথায় ড্রেনেজ ব্যবস্থায় সমস্যা রয়েছে এবং কোন কোন স্থানে জরুরি ভিত্তিতে প্রকৌশলগত হস্তক্ষেপ প্রয়োজন, তা সরেজমিনে চিহ্নিত করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করার পর অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা, কাজের গুণগত মান এবং সময়সীমা মেনে চলার ওপরও গুরুত্ব দিতে হবে।

মেয়র আরও বলেন, নগরবাসীর দৈনন্দিন যাতায়াত নির্বিঘ্ন করা এবং জনদুর্ভোগ কমাতে সড়ক সংস্কার কার্যক্রমকে অগ্রাধিকার দিতে হবে। গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের পাশাপাশি সড়কের ব্যবহারযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সমস্যা সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

নগরীর জলাবদ্ধতা নিরসনের বিষয়ে মেয়র বলেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে। পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে—এমন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা নিতে হবে। সড়ক ও ড্রেনের উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে, যাতে একদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর হয়, অন্যদিকে সড়কের স্থায়িত্বও বজায় থাকে।

তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় প্রকৌশলগত সহায়তা নিশ্চিত করতে হবে। নগরীর বিভিন্ন সড়ক, ড্রেন ও সংশ্লিষ্ট অবকাঠামোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করতে হবে, যাতে নাগরিক সেবার মান উন্নত হয়।

নগরবাসী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের চলমান কার্যক্রম আরও বেগবান করার নির্দেশ দেন মেয়র। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ত এলাকায় পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ তৈরি করা জরুরি। এ জন্য চলমান নির্মাণকাজ যথাযথভাবে এগিয়ে নিতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

এ ছাড়া নগরীর বিভিন্ন সড়কের মধ্যবর্তী আইল্যান্ডে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সড়কের আইল্যান্ড ও আশপাশের অবকাঠামোর যথাযথ পরিচর্যা এবং পরিকল্পিত সবুজায়নের মাধ্যমে নগরীর পরিবেশ ও নান্দনিকতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।

 

সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ প্রকৌশল বিভাগের সকল নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট