চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক ব্যক্তিকে ফোন করে ডেকে নিয়ে মারধর করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-নারায়ণগঞ্জ জেলার সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউপির নন্দীপুর এলাকার রফিজ উদ্দীন ভুঁইয়ার ছেলে রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও রাউজান উপজেলার সুলতানপুর মাঝিরঘাট এলাকার মৃত মহিউদ্দীনের ছেলে আদনান উদ্দীন (২৮)।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে নগরীর পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের একটি ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন। তিনি জানান, গত ১৮ অক্টোবর রাত ৯টায় জামাল উদ্দীন জিকু নামে এক যুবক গাজী সারোয়ার শ্রাবণ নামে আরেক যুবককে ফোন করে রৌফাবাদ এলাকায় ডেকে নেয়। গাজী সারোয়ার শ্রাবণ মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে কিছু লোক প্রাইভেটকার নিয়ে এসে তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় শ্রাবণ বাধা দিলে তাকে মারধর করে ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ঘটনায় গতকাল দিবাগত রাতে পাঁচলাইশ থানা এলাকা থেকে মোটরসাইকেলটিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর


















