চট্টগ্রামে চলতি বছরের প্রথম ১০ মাসেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন, মারা গেছেন ৩১ জন। গত দুই বছরের তুলনায় এ বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। বছরের শেষ দিকেও সংক্রমণ অব্যাহত থাকায় উদ্বেগ বাড়ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন। তাঁদের মধ্যে মারা যান ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮৬৪ জন হলেও মৃত্যু কমে দাঁড়ায় ২৭ জনে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা আগের দুই বছরের মোট সংখ্যার চেয়েও বেশি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ৩৭ জন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৩ জন রয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।
জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান জানান, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মহানগর এলাকায় রয়েছেন ৩ হাজার ২৬ জন। উপজেলা পর্যায়ে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৩৬ জন। এ ছাড়া অন্যান্য জেলার ৬৭৯ জন বাসিন্দা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ১৬ জন নারী, ছয়জন পুরুষ ও নয়জন শিশু|উপজেলাগুলোর মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি সীতাকুণ্ডে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সেখানে এ পর্যন্ত ৭৯৮ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।
পূর্বকোণ/আরআর



















