চট্টগ্রাম শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ছিনতাই-কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭৮৬

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৬ | ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৭৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
 
একইসময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামসহ নয় জেলায় ৪৭৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ২৭৮ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৯৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের আটক করা হয়।
 
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মোট গ্রেপ্তার ৭৮৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১১, আগের মামলায় ৫৩, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৫, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চার, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৩, পরোয়ানামূলে ৯২ এবং সাজা পরোয়ানামূলে ১৪ জন রয়েছেন। এছাড়া মাদক মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাদক বহনকারী ও ২৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সরাসরি ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
মাদকবিরোধী অভিযানে ২৯টি মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।অভিযানে ১ লাখ ৮ হাজার ৯৯৮ পিস ইয়াবা, ১০ কেজি ১৩০ গ্রাম গাঁজা, ৯০ লিটার চোলাই মদ ও দুই বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ফেনীতে ১৩, চট্টগ্রামে তিন, কুমিল্লা ও নোয়াখালীতে দুজন করে এবং লক্ষ্মীপুর, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে একজন করে রয়েছেন।
 
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চট্টগ্রামে ৯৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কক্সবাজারে নয়, কুমিল্লায় ১৭৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৩, চাঁদপুরে ৩৯, নোয়াখালীতে ৫৪, লক্ষ্মীপুরে ৬৩, রাঙ্গামাটিতে একজন ও খাগড়াছড়িতে ১৫ জনকে আটক করা হয়।
 
পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট