চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সিসিটিভি ফুটেজে শনাক্ত করে আসামি মো. রাজ্জাক প্রকাশ চিকনা রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হামলার সময় তিনিই প্রথম দেশীয় অস্ত্র হাতে কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন।
মো.রাজ্জাক ওরফে চিকনা রাজু (২৬) ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে দুই কোটি টাকা এককালীন এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ডিডিএন কার্যালয়ে হামলা চালায়। নগরের চন্দনপুরা এলাকায় মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই কার্যালয়ে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় মামলা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, ডিডিএন কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে মো.রাজ্জাক প্রকাশ চিকনা রাজুকে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে নিয়ে সবার আগে ডিডিএন কার্যালয়ে প্রবেশ করেন গ্রেপ্তার হওয়া রাজ্জাক প্রকাশ চিকনা রাজু। এরপর তিনি কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে সহযোগীদের নিয়ে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করেন তিনি।
পূর্বকোণ/ইবনুর


















