খুলশী থানা পুলিশের অভিযানে অপহরণ ও ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া বাদীর ১টি মোটরসাইকেল উদ্ধারসহ ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত একজন পুলিশ কনস্টেবলও রয়েছেন। খুলশী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— বান্দরবান জেলা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ও চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা অনিক দাশ (২৭), বায়েজিদ বোস্তামী থানার ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), ফটিকছড়ি থানার মহিউদ্দিন সেলিম (৫২) এবং হালিশহর থানার ফইল্লাতলী বাজার এলাকার মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মারুফুর রহমান অপু (২২) তার বন্ধুদের নিয়ে ৩টি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথমধ্যে ১৭ অক্টোবর রাত আনুমানিক রাত দেড়টার সময় খুলশী থানার ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেট কার ও ২টি মোটরসাইকেল তাদের গতিরোধ করে।
গাড়িতে থাকা আসামিরা ভুক্তভোগী মারুফুরকে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কারে তুলে নেয় এবং তার অন-টেস্ট ইয়ামাহা R15 R2M মডেলের প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে মারুফুরকে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিয়ে তার ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনার পর ফেসবুকে “অহরশ” নামক একটি আইডি থেকে অনিক নামের এক ব্যক্তি একটি মোটরসাইকেল বিক্রির স্টোরি শেয়ার দেন। মারুফুর আইডিটি দেখতে পেয়ে ৫ লাখ ৩০ হাজার টাকায় বাইকটি কেনার প্রস্তাব দেন এবং ৫ হাজার টাকা অগ্রিম পাঠান। পরবর্তীতে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে বাইকটি হস্তান্তরের কথা হলে খুলশী থানা পুলিশের সহায়তায় পুলিশ কনস্টেবল অনিক দাশকে আটক করা হয়।
অনিকের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিটাক বাজার এলাকা থেকে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ও মহিউদ্দিন সেলিমকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়তলী ফইল্লাতলী বাজার এলাকার একটি গ্যারেজ থেকে ২০ অক্টোবর ভোর সাড়ে চারটার সময় লুণ্ঠিত বাইকটি উদ্ধারসহ চক্রের আরেক সদস্য ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ডকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় মামলা রজু করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর


















