বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। জনগণ কোনোভাবেই লুটতরাজ, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার মেনে নেবে না। অন্যায় করে কেউ পার পাবে না এবং প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তন সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্ব আমৃত্যু পালন করতে হবে। গত ১৭ বছরে নেতাকর্মীদের ওপর ভিন্ন মাত্রার জুলুম-নির্যাতন চালানো হয়েছে। দলের শীর্ষ ১২ জন নেতাকে শতাব্দীর নিকৃষ্ট অপবাদ দিয়ে হত্যা করা হলেও তাঁরা এক আল্লাহর ওপর অবিচল ঈমান রেখেছিলেন। মানুষের ওপর জুলুম করা ও অন্যের হক মেরে দেওয়ার পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, অতীতের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
প্রাক্তন সাথী-সদস্যদের সততা ও নৈতিকতার সাথে হালাল পথে জীবিকা অর্জনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, কথার প্রতিযোগিতায় না গিয়ে আদর্শ ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। এই দেশে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















