চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আলোচিত কিশোর গ্যাং নুরু বাহিনীর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অটোরিকশা এবং অপরাধে ব্যবহৃত একটি রামদা ও একটি টিপছোরা উদ্ধার করা হয়।
রবিবার (১৯ অক্টোবর) সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ পূর্বকোণ অনলাইনে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাগর (২৫), মো. শরীফ (২২) এবং মো. সজীব (২৫)। তাদের সবার বিরুদ্ধে এর আগেও আদালতে হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি ১ নং গলির মুখে কিশোর গ্যাং লিডার নুরুর নেতৃত্বে ১৪-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে ত্রাস সৃষ্টি করে। এ সময় তারা স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে অটোরিকশাচালক মো. সাখাওয়াত হোসেনকে (২৪) মারধর করে তার অটোরিকশা ছিনিয়ে নেয়। এই ঘটনায় অটোরিকশা মালিক আহমদ নূর বাদী হয়ে সদরঘাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, একই দিন ভোর পৌনে ৫টার দিকে আসামিরা সদরঘাট থানাধীন মোগলটুলি কমার্স কলেজ রোড এলাকা থেকে মো. জাহেদকে (২৭) নামে এক যুবককে ধরে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে চাপাতি ও কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ডান পায়ের পাতা, বাম পায়ের গোড়ালি এবং ডান হাতের তালুতে গুরুতর জখম করা হয়। এই ঘটনায় আহত ওই যুবকের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে সদরঘাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
পরবর্তীতে সদরঘাট থানার ওসির মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে একটি দল সিএমপির পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে নুরু বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং তাদের হেফাজত থেকে অপরাধে ব্যবহৃত একটি ধারালো রামদা ও একটি টিপছোরা জব্দ করা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ



















