চট্টগ্রাম রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ

চট্টগ্রামে এসআরবি পরিচয়ে ব্যবসায়ী অপহরণ

অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য পরিচয়ে এক প্রবাস ফেরত ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। তবে তাকে তুলে নেয়া ব্যক্তিরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিখোঁজ ব্যবসায়ী মো. এহসান প্রকাশ হাসানকে (৩৬) উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
 
শনিবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ এন্টারপ্রাইজ থেকে তাকে তুলে নেয়া হয়।
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কালো পোশাক পরা ও মুখে মাস্ক লাগানো চার ব্যক্তি সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে দুজন দোকানের ভিতরে ঢুকে এহসানকে হাতকড়া পরিয়ে নিয়ে যান। বাকি দুজন বাইরে অবস্থান করছিলেন।
 
স্থানীয় সূত্রের দাবি, এহসানকে প্রথমে সিএনজিচালিত অটোরিকশায় করে নাপোড়া থেকে কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং হাজী বাজারে নেয়া হয়। পরে অন্য একটি অটোরিকশায় তাকে চকরিয়ার বরইতলী নতুন রাস্তার মাথার দিকে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
 
নিখোঁজ এহসান পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার তেরিয়াকাটা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে। দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকার পর দেশে ফিরে প্রেমবাজারে হার্ডওয়্যারের ব্যবসা শুরু করেন।
 
এহসানের চাচাতো ভাই জসিম উদ্দিন বলেন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পেরেছেন, এসআরবি পরিচয়ে যারা তার ভাইকে তুলে নিয়ে গেছেন, তারা প্রকৃত সদস্য নন। কারা এবং কী কারণে তাকে নিয়ে গেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা এহসানের দ্রুত সন্ধান চাই।
 
বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় ব্যবহৃত অটোরিকশার চালকদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তারা এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি।
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে পেকুয়ার নেজাম উদ্দিন প্রকাশ রেজু (৪২) নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অনুসন্ধান চালাচ্ছে।
 
এ দিকে এসআরবি-৭, চট্টগ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসায়ীকে তুলে নেয়ার ঘটনায় এসআরবির পরিচয় ব্যবহারকারীরা প্রকৃত সদস্য নন। তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা প্রয়োজন।
 
পূর্বকোণ/রানা/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট