কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিচালিত অভিযানের ২৪ ঘণ্টার ফলাফলের এসব তথ্য শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৯ জন, আগের মামলায় ৫২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪০ জন রয়েছেন।
এ ছাড়া পরোয়ানামূলে ১৪৫ জন, সাজা পরোয়ানামূলে ২৩ জন এবং মাদক মামলায় ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তারদের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৬৬ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৩ জনকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১০ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য-সংক্রান্ত ৩৪টি মামলা করা হয়েছে।
জেলা ভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৯ জন, কক্সবাজারে ১৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ জন, নোয়াখালীতে ২৪ জন, লক্ষ্মীপুরে ৩৩ জন, রাঙামাটি ও খাগড়াছড়িতে পাঁচজন করে আটক হয়েছেন।
পূর্বকোণ/আরআর


















