চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আবাসিক এলাকায় চুরির চেষ্টার অভিযোগে মোহাম্মদ আজিজুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি বিমানবন্দরসংলগ্ন নিজাম মার্কেট এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আটকের পর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জব্দ করা মালামালসহ তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা ৩০ মিনিটে বিমানবন্দরের আর্মি, বিজিবি ও নেভি হ্যাঙ্গারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, রাতে টহল দেওয়ার সময় আনসার সদস্য সাদাম হোসেন ও এপিসি জাহাঙ্গীর হোসেন দুই সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করেন। তারা সন্দেহভাজন ব্যক্তিদের ধাওয়া করলে দুজনই ঘন জঙ্গলের মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া বিভিন্ন ধরনের তার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনার পর আনসার সদস্য সাদাম হোসেন মুঠোফোনে আনসার ক্যাম্প ও বিমানবন্দরের নিরাপত্তা শাখাকে বিষয়টি জানান। খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল নিরাপত্তা শাখার সাতজন সদস্য, বাংলাদেশ বিমানবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের (কিউআরএফ) পাঁচজন সদস্য এবং আনসার বাহিনীর ১৫ জন সদস্যকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
পরবর্তী সময়ে ই/এম শাখার উপ-সহকারী প্রকৌশলী পলাশ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তার সহযোগিতায় এরোনেসের ৫ থেকে ১০ জন কর্মী এবং সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের সমন্বয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।
এদিকে নিরাপত্তা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল মুঠোফোনে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নূর হোসেনকে ঘটনাটি অবহিত করে। পরে পরিচালক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
এরপর অনুসন্ধান দলটি ঘন জঙ্গলের মধ্যে অন্ধকারে প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আজিজুর রহমান। পরে তাকে উদ্ধার করা মালামালসহ পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তবে এ সময় আরেকজন পালিয়ে গেছেন।
পূর্বকোণ/রানা


















