চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে ৩ জন এবং ঢাকা বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৪৩২ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন, খুলনা বিভাগে ২৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ অক্টোবরের প্রথম ১৫ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৮৬ জনের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/নুসরাত



















