বলে- বলেই কি কাজ করাতে হবে চসিককে! নগরীর অন্যতম ব্যস্ততম জাকির হোসেন সড়কের ব্যানার, ফেস্টুন আর পোস্টার অপসারণ না করার সংবাদ প্রকাশের পর খণ্ডিত অংশ থেকে সরিয়ে নেয়া হলেও সড়কের বড় একটি অংশ থেকে এখনও অপসারণ করা হয়নি ঝুলন্ত প্রচারসামগ্রী। এ নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আগে দেখা যেতো অভিযানের সময় বিদ্যুতের খুঁটি থেকে ফেস্টুন ও বেলসাইন অপসারণ করে নিয়ে যাওয়া হতো। এখন সেগুলোতে হাত পড়ছে না। যেখানে অভিযান চলছে সেখানকার ব্যানার, ফেস্টুন আর পোস্টার অপসারণ করা হচ্ছে। গতকাল বুধবার (১৪ অক্টোবর) সরেজমিন ঘুরে দেখা গেছে জিইসি মোড় থেকে ওমরগণি এমইএস কলেজ পর্যন্ত এলাকার ঝুলন্ত প্রচারসামগ্রী অপসারণ করা হলেও সড়কের বাকি অংশে এখনও ঝুলছে ব্যানার, ফেস্টুন আর পোস্টার। এসব প্রচারসামগ্রী সরবে কবে, এটাই নগরবাসীর প্রশ্ন।


















