সরকারি বরাদ্দকৃত জমিতে প্রতিষ্ঠিত এবং নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গণজুড়ে ব্যক্তিবিশেষের ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টারের এমন প্রদর্শনী কেন? এমন প্রচারণায় হাসপাতালের পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের ছবিও বাদ পড়েনি। চিকিৎসা ও শিক্ষার এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিবেশ, মর্যাদা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের এমন উদাসীনতা দায়িত্বহীনতারই পরিচায়ক। এই প্রচারসর্বস্ব পরিবেশ শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষক ও চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মনে কী ধারণা তৈরি করে? সেবা নিয়ে ফিরে যাওয়ার সময় রোগীরা প্রতিষ্ঠানটি সম্পর্কে কী বার্তা নিয়ে যান? সাম্প্রতিক বিএমডিসি, মন্ত্রণালয়, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পরিদর্শন দলই বা এসব দৃশ্য দেখে কি ধারণা পোষণ করেছেন। ব্যক্তিগত প্রচারের গ্যালারি নয়, মা ও শিশু হাসপাতাল হওয়া উচিত পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, পেশাগত উৎকর্ষ ও মানবিক চিকিৎসাসেবার আদর্শ পরিবেশ। বিএমডিসির বিধিবিধান ও মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও মর্যাদা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।


















