একটি মেডিকেল কলেজের ক্যাম্পাস হওয়া উচিত পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, সবুজ ও নান্দনিক। অথচ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) নতুন প্রশাসনিক ভবনের গায়ে যত্রতত্র ব্যানার, পোস্টার ও ফেস্টুন ঝোলানোয় নষ্ট হচ্ছে ভবনটির সৌন্দর্য ও শিক্ষাঙ্গনের মর্যাদা। এসব প্রচারসামগ্রী মূলত গুটিকয়েক ব্যক্তির আত্মপ্রচারের মাধ্যম। এতে পুরো শিক্ষার্থীসমাজ কিংবা শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত স্বার্থের প্রতিফলন ঘটে না। ব্যক্তিগত প্রচারের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা কতটা যুক্তিসংগত? চিকিৎসাশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিবেশ হওয়া উচিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও রুচিশীল পরিবেশ চিকিৎসাশিক্ষারই গুরুত্বপূর্ণ অংশ। তাই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখা এবং তা বজায় রাখার দায়িত্ব কর্তৃপক্ষের। এ অবস্থায় অননুমোদিত ব্যানার-পোস্টার অপসারণের পাশাপাশি প্রচারসামগ্রী প্রদর্শনে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন জরুরি। একই সঙ্গে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। কারণ, একটি আদর্শ মেডিকেল কলেজ শুধু চিকিৎসাশিক্ষাই দেয় না, তার পরিবেশও শেখায় শৃঙ্খলা, রুচিবোধ ও দায়িত্বশীলতা।


















