চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির গেট আউট ও পণ্য ডেলিভারি কার্যক্রম সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে অনলাইন ই-চালান ব্যবস্থায় বিল অব এন্ট্রির আর নম্বর এবং বন্দরের মাসুল বা চার্জ পরিশোধের সিপি নম্বর যুক্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। নতুন এ সুবিধার ফলে কাস্টমস ও বন্দরের ফি পরিশোধের তথ্য যাচাই সহজ হবে এবং জালিয়াতি প্রতিরোধে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করার পাশাপাশি জালিয়াতি রোধে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন ই-চালান ব্যবস্থায় নতুন করে আর নম্বর ও সিপি নম্বর যুক্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী গাড়ি ছাড় করার ক্ষেত্রে অনলাইন ই-চালান বন্দর কর্তৃপক্ষ ও ব্যবহারকারী—উভয়ের জন্যই চূড়ান্ত দলিল হিসেবে ব্যবহৃত হবে। আমদানিকারক বা সিঅ্যান্ডএফ এজেন্টরা পণ্য ডেলিভারির জন্য ই-চালানে কাস্টমসের শুল্ক ও কর পরিশোধের নিশ্চয়তা হিসেবে আর নম্বর এবং বন্দরের মাসুল বা চার্জ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সিপি নম্বর দেখতে পারবেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ই-চালানে এ দুটি পেমেন্ট নিশ্চিতকরণ নম্বর যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগগুলোর পক্ষে কাস্টমস ও বন্দরের ফি পরিশোধের সত্যতা যাচাই করা সহজ হবে। এতে জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি বন্দরের গেট আউট ও পণ্য ডেলিভারি কার্যক্রম আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নতুন এ অনলাইন সুবিধা গ্রহণ করে নির্বিঘ্নে ও নিরাপদে সেবা নিতে বন্দর ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ



















