মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং খাদ্যদ্রব্য তৈরিতে বিধি লঙ্ঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ফলমন্ডি, স্টেশন রোড ও দেওয়ানহাট এলাকায় বাজার তদারকি অভিযান চালায় অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজকে ২ হাজার, মেসার্স অ্যান্ড ব্রাদার্সকে ২ হাজার এবং মেসার্স রাউজান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দেওয়ানহাট এলাকার তায়েফ রেস্তোরাঁয় খাবার তৈরিতে নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ


















