চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে দোকানে ঝুলছিল ১৪ ফুটের অজগর

চট্টগ্রামে সোনার দোকানে ঝুলছিল ১৪ ফুটের অজগর

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৬ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগরের দেখা মিলেছে। 
 
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
 
স্থানীয়রা জানায়, অজগরটি সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকান থেকে উদ্ধার করা হয়। বাজারের পাশেই সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায়ই অজগর বাজারে চলে আসে। ওই রাতে অজগরটি দেখতে পেয়ে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনেন দোকানিরা। 
 
সন্ধ্যা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, হঠাৎ রাতে দোকানের শোকেসে অজগর দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে সবার সহযোগিতায় এটি নিচে নামিয়ে আনা হয়। আজ মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের কাছে অজগরটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
 
কাপ্তাই বন বিভাগের রেঞ্জের কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, অজগরটি প্রায় ১৪ ফুট লম্বা। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে। বাজারের পাশে সংরক্ষিত বন থাকায় সেখান থেকেই অজগরটি চলে এসেছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে আগের অজগরগুলো ছোট ছিল। এবারই প্রথম ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেল।
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট