চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সরকার আলোচনায় না বসায় অনশন, এনসিটি চুক্তি বাতিলের দাবি

সরকার আলোচনায় না বসায় অনশন, এনসিটি চুক্তি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে গণ-অনশনে বসেছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। তাঁদের দাবি, ইজারা চুক্তি বাতিল করতে হবে এবং সব শ্রমিকের চাকরির নিশ্চয়তা দিতে হবে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বন্দরের ওয়ান-স্টপ সার্ভিস ভবনের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যৌথ উদ্যোগে কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, বিকাল চারটা পর্যন্ত অনশন চলবে। শতাধিক শ্রমিক-কর্মচারী ও আন্দোলনকারী এতে অংশ নিয়েছেন। নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সই করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির টার্মিনালের দায়িত্ব বুঝে নেওয়ার কথা। এখন নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড এটি পরিচালনা করছে।

অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শ্রমিকেরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন। তাঁদের বক্তব্য, দেশের অন্যতম লাভজনক এই টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত নয়। নতুন অপারেটর এলে তাঁদের চাকরি ও কর্মসংস্থান কতটা নিরাপদ থাকবে, তা নিয়েও তাঁরা উদ্বিগ্ন। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে শ্রমিকদের কোনো ক্ষতি হবে না।

ইব্রাহিম খোকন জানান, চুক্তি সইয়ের দিন বিক্ষোভ মিছিল থেকে আলোচনার জন্য সরকারকে দুই দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু সরকার আলোচনায় বসার কোনো উদ্যোগ নেয়নি। তাই ঘোষণা অনুযায়ী তাঁরা শান্তিপূর্ণ গণ-অনশন করছেন।

চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনালের মধ্যে এনসিটি সবচেয়ে বড়। বন্দরের মোট আমদানি-রপ্তানি কনটেইনারের ৪৪ শতাংশ এখানেই হয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালের নির্মাণ শেষ হয় ২০০৭ সালে। এখানে একসঙ্গে চারটি সমুদ্রগামী ও একটি ছোট কনটেইনার জাহাজ ভিড়তে পারে। চালু হওয়ার পর থেকে এত দিন দেশীয় অপারেটরদের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তিতে এটি পরিচালিত হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নতুন চুক্তির পর এখন দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট