দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ সরকার। খাদ্যশস্য আমদানি, পরিবহন, সংরক্ষণ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে শতভাগ সততা, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। একইসঙ্গে খাদ্যদ্রব্যের মান যাচাই ও দায়িত্বে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আসা গমবাহী জাহাজ এমভি ‘স্প্রিং স্কাই’ পরিদর্শনকালে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।
পরিদর্শনকালে আমদানিকৃত গমের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “নির্ধারিত মানদণ্ড মেনেই খাদ্যশস্য পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের পণ্য গ্রহণ বা সরবরাহের বিন্দুমাত্র সুযোগ নেই। ল্যাব পরীক্ষার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তাই নিয়োজিত কর্মকর্তাদের চরম পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য ব্যবস্থাপনার মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছেন। এই লক্ষ্য পূরণে সবার দোয়া ও সমন্বিত প্রয়াস প্রয়োজন।
খাদ্য খাতের দীর্ঘদিনের সমস্যাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করা হবে। তিনি বলেন, “দেশের কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়েন, সেটি নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত সঠিক সময়ে খাদ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে।”
পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















