চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সকল আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাফায়াত হোসেন।
রবিবার (১১ অক্টোবর) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপন করা হলে বিদ্যুতের ওপর নির্ভরশীলতা কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যয়ও হ্রাস পাবে। বিশেষ করে বিদ্যুৎ সংকটের সময় শিক্ষার্থীরা পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাছাড়া, সৌরবিদ্যুতের ব্যবহার পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং বিশ্ববিদ্যালয়ে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
স্মারকলিপি জমা দানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আদর


















