চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২৬ | ৬:৫১ অপরাহ্ণ

খাদ্য সংরক্ষণ সক্ষমতা বাড়ানো, অপচয় হ্রাস এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি জানান, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে, তবে রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে।
 
শনিবার (১০ অক্টোবর) চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। পরে তিনি দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন করেন এবং হালিশহর সিএসডির সম্মেলনকক্ষ উদ্বোধন করেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা, গুদামভিত্তিক মজুত ও সরবরাহ সক্ষমতা বিবেচনা করে বাস্তবভিত্তিক পরিকল্পনা নিতে হবে। খাদ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ-প্রতিটি ধাপে সমন্বয় নিশ্চিত করা গেলে সময়ক্ষেপণ, পরিবহন ব্যয় এবং খাদ্যের অপচয় অনেকাংশে কমানো সম্ভব হবে।
 
চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের বিষয়ে মন্ত্রী জানান, বিদ্যমান অবকাঠামোর কার্যকারিতা, প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে। গুদামগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘদিন অব্যবহৃত স্থাপনাগুলো পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গুদামভিত্তিক মজুতের নির্ভুল হিসাব ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
 
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির চাপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, খাদ্যপণ্যের সম্ভাব্য চাহিদা নিরূপণ, আমদানি ও অভ্যন্তরীণ সংগ্রহ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে আন্তঃসমন্বয় বাড়াতে হবে। একই সঙ্গে খাদ্য বিভাগের জনবল সংকট ও প্রশাসনিক সীমাবদ্ধতা দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।
 
জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে খাদ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত এই উদ্যোগের মাধ্যমে দেশে খাদ্য সংরক্ষণ সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং আসন্ন রমজানে খাদ্য সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হবে না।
 
পরিদর্শনকালে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট