চট্টগ্রাম শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ও সাইকেল লেন থাকবে : অর্থমন্ত্রী

চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ ও সাইকেল লেন থাকবে : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২৬ | ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মানুষের হাঁটা ও সাইকেল চালানোর সুযোগ তৈরিতে চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে ড্রেনেজ, হাঁটার পথ ও সাইকেল লেন যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে নগরে গাছ লাগানোর বিষয়টিও এসব প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।
 
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কার্যালয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
 
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ড্রেনেজ, ওয়াকওয়ে, সাইকেল ওয়ে—এই তিনটা আমরা বিদ্যমান প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। আগামী দিনে যে প্রকল্পগুলো আসবে, সেখানেও এই তিনটি বিষয় যুক্ত করছি। যাতে একসঙ্গে জলাবদ্ধতার সমাধান হয়, চলাচলের সুযোগ থাকে, জনগণের হাঁটার একটা ব্যবস্থা হয়, সাইক্লিং করার সুযোগ থাকে—পুরো মহানগরে।
 
নগরে গাছ লাগানোর বিষয়টি অন্তর্ভুক্ত করার কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, সঙ্গে সঙ্গে আমি বলছি, গাছ লাগানোর বিষয়টাও অন্তর্ভুক্ত—এটা প্রধানমন্ত্রীর এক বিশাল প্রতিশ্রুতি।
 
সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের যে কমিটি রয়েছে, অর্থমন্ত্রী সেই কমিটির উপদেষ্টা। সভায় তাকে প্রধান অতিথি হিসেবে পেয়ে কৃতজ্ঞতা জানান তিনি।
 
মেয়র বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ২০১৬ সাল থেকে শুরু হওয়া প্রকল্পের আওতায় নগরের ৩৭টি খালের মধ্যে ৩১টির কাজ প্রায় শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে বাস্তবায়িত কাজের অগ্রগতি সভায় তুলে ধরেছে। বাকি পাঁচটি খালের কাজ আগামী মার্চের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 
বারইপাড়া খালের কাজ শেষ হয়েছে উল্লেখ করে মেয়র আরও বলেন, নগরে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা পরিষ্কার করা হয়েছে। বর্ষার আগে নালা ও খাল পরিষ্কারের জন্য প্রধানমন্ত্রী ৪৫ কোটি টাকা দিয়েছেন বলেও জানান তিনি। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মেয়র।
 
এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্ল্যাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট