চট্টগ্রামের সন্দ্বীপে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাউরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরীর (৭২) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে চট্টগ্রামে একটি হাসপাতালে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে- গত কয়েকদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসারত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সন্দ্বীপের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুতে শোকাহত বাউরিয়া ইউনিয়নসহ সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জানা গেছে, সালাউদ্দিন চৌধুরী নব্বইয়ের দশকে বাউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০-৯১ মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তৎকালীন সময়ে আওয়ামীলীগ নেতা মাস্টার শাহজাহান বিএ উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে দিলে সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে তিনি এলাকার মানুষের কাছে পরিচিত মুখ ছিলেন।
সালাউদ্দিন চৌধুরীর মৃত্যুতে সন্দ্বীপবাসী একজন সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
পূর্বকোণ/এএইচ


















