চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হকার সমস্যার সমাধানে সান্ধ্যকালীন বাজারের চিন্তা চসিক মেয়রের

হকার সমস্যার সমাধানে সন্ধ্যায় বাজার বসাতে চান চসিক মেয়র

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৬ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযানে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, পথচারীদের ভোগান্তি কমাতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে একটি পরিকল্পিত ‘ইভিনিং মার্কেট’ বা সন্ধ্যাকালীন বাজার চালুর চিন্তাভাবনা করছে চসিক।

মেয়র বলেন, ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা চালানোর ফলে সাধারণ নগরবাসীর পথচলতি চরম ভোগান্তি পোহাতে হয়। পথচারীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার, তবে হকারদের রুটিরুজির বাস্তবতাকেও আমরা উড়িয়ে দিতে পারি না। তাই শুধু বলপ্রয়োগ বা উচ্ছেদেই সমস্যার স্থায়ী সমাধান আসবে না।”

তিনি আরও জানান, নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থান ঠিক করে হকারদের ব্যবসার সুযোগ করে দেওয়া হবে। ফলে হকাররা তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন, অন্যদিকে সড়ক ও ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের অধিকারও ক্ষুণ্ণ হবে না।

চসিককে একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে মেয়র স্পষ্ট জানান, সড়ক বা ফুটপাত কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। অবৈধভাবে পথ আটকে জনদুর্ভোগ তৈরি করা কোনোভাবেই বরদাশত করা হবে না। একবার উচ্ছেদ করার পর যেন পুনরায় দখল না হয়, সেজন্য কঠোর নজরদারির পাশাপাশি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

অভিযানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ চসিকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট