চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সিএমপির অভিযানে চুরি হওয়া শিশু উদ্ধার, শিশু চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে চুরি হওয়া ২ মাসের শিশু উদ্ধার, চোরচক্রের ২ সদস্য ধরা

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২৬ | ৬:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকা থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু মোহাম্মদ হোসাইনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সংঘবদ্ধ শিশু পাচার ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পাহাড়তলী থানার রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর সেনবাগের মহরম আলী (৫০) এবং চট্টগ্রামের মিরসরাইয়ের মো. ইব্রাহিম (৩৮)।

জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা মো. রাজীব স্ত্রী ও দুই মাসের শিশু সন্তানকে নিয়ে নগরের বিআরটিসি ফলমন্ডী এলাকার ফুটপাতে বসবাস করছিলেন। গত ৩ অক্টোবর ভোরে ফুটপাতে মশারি টাঙিয়ে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটিকে চুরি করে নিয়ে যায় চক্রটি। ঘুম থেকে জেগে সন্তানকে না পেয়ে দিশেহারা বাবা পুলিশের দ্বারস্থ হন।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে মহরম আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় হেফাজত থেকে নিরাপদে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি ইব্রাহিমকে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে যুক্ত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পূর্বকোণ/আদর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট