চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের বেতন বন্ধের প্রতিবাদে সোনালী ব্যাংকের সামনে অবস্থান

চুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের বেতন বন্ধের প্রতিবাদে সোনালী ব্যাংকের সামনে অবস্থান

রাউজান সংবাদদাতা

৭ অক্টোবর, ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের স্টাফরা।
 
 
বুধবার (৭ অক্টোবর) সোনালী ব্যাংক চুয়েট শাখার সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
 
 
চুয়েট স্টাফ সংগঠনের সভাপতি জামাল উদ্দিন বলেন, ‘অধ্যাপক ড. শেখ শরীফুল আলম সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ করে সবার সঙ্গে অমানবিক আচরণ করছেন। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করছি। বেতন ও উৎসব ভাতা না পাওয়া পযন্ত আমরা এখান থেকে নড়বো না।’
 
 
চুয়েট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা বন্ধ করে দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এর মধ্যে ৩৬৭ জন শিক্ষক, ২০৮ জন কর্মকর্তা এবং ৫১২ জন কর্মচারী রয়েছেন।
 
 
মঙ্গলবার (৬ অক্টোবর) চুয়েটের বেতন বন্ধ রাখার নির্দেশ দিয়ে সোনালী ব্যাংকের চুয়েট শাখার ব্যবস্থাপককে চিঠি দেন উপাচার্য।
 
 
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, টানা ১৫ দিন ধরে চলা উপাচার্যবিরোধী আন্দোলনে সংহতি জানানোর কারণে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বশে আনতেই বেতন বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
 
এদিকে সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা আটকে যাওয়ায় দুর্গাপূজার আগে চরম আর্থিক সংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মচারীরা। বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট