চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের প্রতিবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, মুখে কালো কাপড় বেঁধে চবিসাসের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ৯:১৬ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকাল করতে গিয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
 
বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সোমবার (৬ অক্টোবর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহিদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করেন।
 
মানববন্ধনে চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর বলেন, গণমাধ্যম বাংলাদেশের গণতন্ত্রের প্রাণভোমরা। শেখ হাসিনার আমলেও গণমাধ্যমের ওপর নানা ধরনের চাপ ও প্রতিবন্ধকতা ছিল। ১২ ফেব্রুয়ারির মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এর প্রধান বাধা হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা করছেন, তাদের মুখ চেপে ধরছেন। একটি গণতান্ত্রিক দল হিসেবে আপনাদের জন্য এটি অত্যন্ত লজ্জার।
 
চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, আমরা যদি ৫ আগস্টের আগের ক্যাম্পাসের বাস্তবতা দেখি, পুরো বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারত না। তাদের কার্যক্রম ক্যাম্পাসে তুলে ধরার অন্যতম মাধ্যম ছিল ক্যাম্পাস সাংবাদিকরা। কিন্তু ৫ আগস্টের পর তারা ক্যাম্পাসগুলোতে সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবা শুরু করেছে। আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করতে চাই।
 
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ক্যাম্পাস প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন। কিন্তু এসব হামলার একটিরও বিচার হয়নি। এভাবে ক্রমাগত চলতে থাকলে আমরা যে কারো কর্মসূচি বর্জন করতে এক পা-ও পিছপা হব না।
 
চবিসাসের পক্ষ থেকে মানববন্ধনে তিন দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো- দেশের সব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং চবিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
 
পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট