চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় কোনো প্রকার নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের দায়ে এক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চারটি গোডাউন থেকে বিপুল পরিমাণ টিএসপি, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিবন্ধন ছাড়াই সার সংরক্ষণ ও বিপণনের অপরাধে ফারাহ এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুখকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির ছয়টি গোডাউন থেকে ১ হাজার বস্তা টিএসপি সার ও ৫০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
এ ছাড়া একই অপরাধে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির দুটি গোডাউন থেকে ১০০ বস্তা এমওপি ও ৩০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।
অভিযানে জব্দ করা সার ও অন্যান্য মালামাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের জিম্মায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এবং বাকলিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।



















