চট্টগ্রাম সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদুল ইসলাম
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে উন্নয়নকাজ পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর: ডিসি জাহিদুল ইসলাম

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ১০:৫১ অপরাহ্ণ

একসময়ের বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রণহীন অঞ্চল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। যাতায়াত সহজ করতে সেনাবাহিনী প্রস্তুত করছে ১৪ কিলোমিটারের ৬টি সড়ক এবং সরকারের প্রয়োজনীয় ২৩টি দপ্তর এক জায়গায় আনার পরিকল্পনা চলছে।

রবিবার (৪ অক্টোবর) চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, জঙ্গল সলিমপুরকে একসময় ‘স্টেট উইদিন স্টেট’ বলা হতো। ৯ মার্চের আগে জায়গাটি সম্পর্কে যে ধারণা প্রচলিত ছিল, এরপর সেই পরিস্থিতি বদলেছে। এখানে ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠিত হয়েছে।

এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই মধ্যে কাজের প্রায় ২৫ শতাংশ শেষ হয়েছে। সড়কগুলোর নির্মাণকাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারি সেবা পৌঁছে দেওয়াও সহজ হবে বলে জানান জেলা প্রশাসক। জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য স্থানও নির্বাচন করা হয়েছে। পরিদর্শনের সময় জেলা প্রশাসক ওই স্থানগুলো, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন।

জাহিদুল ইসলাম বলেন, আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

জঙ্গল সলিমপুর নিয়ে ‘মিথ্যা অপপ্রচার’ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, এখানকার শিশুরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। এসব দেখলে এলাকাটি সম্পর্কে অনেকের ধারণা বদলে যেত।

পরিদর্শনের সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন ও সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট