চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

পালালেও দেশে আ. লীগের কাছে বিপুল অবৈধ অস্ত্র : সিটি মেয়র

পালালেও দেশে আ. লীগের কাছে বিপুল অবৈধ অস্ত্র : সিটি মেয়র

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ১০:২৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী বিদেশে পালিয়ে গেলেও দেশে অবস্থানরতদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রশাসনকে এসব অস্ত্রের অবস্থান ও সন্ত্রাসীদের পরিচয় শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর লালদীঘির পাড়স্থ জেলা পরিষদ চত্বরে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মিছিল ও পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, “গত ৫ আগস্টের পূর্বে যারা হত্যা, ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, গুম, ‘আয়নাঘর’ তৈরি এবং থানা থেকে অস্ত্র লুটের সাথে জড়িত ছিল, তারা এখনো সক্রিয় রয়েছে। মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে বোমাবাজি করানোর মতো তথ্যও আমাদের কাছে এসেছে।”

আওয়ামী লীগ সভানেত্রীর সমালোচনা করে মেয়র বলেন, “শেখ হাসিনা তৃণমূল কর্মীদের এতিম করে বিদেশে পালিয়ে গিয়ে সেখান থেকেই উসকানি দিচ্ছেন। তার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত। দেশে ফিরতে হলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই।”

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, “আইনি ও বিচারিক প্রক্রিয়ায় শাস্তি ভোগের পর সাজা নির্ধারিত হলেই কেবল আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকতে পারে, অন্যথায় তাদের কোনো রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ নেই।” এ সময় তিনি বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার যেসব অভিযোগ তোলা হচ্ছে, তার তীব্র সমালোচনা করেন।

কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সদস্য সচিব নাজিমুর রহমান।

এ ছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, এবং আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম, মো. কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু ও মো. ইসমাইল বালি।

সমাবেশ শেষে জেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালদীঘির পাড় ও বক্সির বিট হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট