চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার

অনলাইন ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকা থেকে ১৪ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
 
 
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গেট এলাকায় সাপটির উপস্থিতি দেখতে পেয়ে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে এক শিক্ষার্থী বিষয়টি Society for Snake & Snakebite Awareness (3SA)-কে জানালে সংগঠনটির রেসকিউ টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করেন।
 
 
সাপটির উপস্থিতির খবর পেয়ে 3SA-এর রেসকিউ টিমের সদস্য নাফিস হাসান, আবির ও ভলান্টিয়ার টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটিকে কোনো ধরনের ক্ষতি না করে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি বার্মিজ অজগর (Burmese Python), যার বৈজ্ঞানিক নাম Python bivittatus। এটি একটি অবিষধর সাপ এবং এর দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট।
 
 
থ্রিএসএর সদস্যরা বলেন, সর্পদংশন মানেই মৃত্যু নয়। সরকারি হাসপাতালে সর্পদংশনের চিকিৎসা বিনামূল্যে দেওয়া হয়। যথাসময়ে উপযুক্ত চিকিৎসা পেলে আক্রান্ত ব্যক্তির সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাপে কাটলে ওঝা বা প্রচলিত ঝুঁকিপূর্ণ পদ্ধতির ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।
 
 
তারা আরও জানান, সাপে কাটার পর আক্রান্ত স্থানে শক্ত করে কোনো ধরনের বাঁধন দেওয়া কিংবা কাটাছেঁড়া করা উচিত নয়। সাপের কামড় এড়াতে রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং সম্ভব হলে মেঝেতে না ঘুমানোর পরামর্শ দেন তারা। এছাড়া অন্ধকারে চলাচলের সময় হ্যান্ড টর্চ, মোবাইল ফোনের ফ্ল্যাশ বা অন্য কোনো আলোর উৎস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
 
 
 সাপ দেখতে পেলে সেটিকে ধরতে বা মারতে গিয়ে জীবনের ঝুঁকি না নেওয়ারও আহ্বান জানান সংগঠনটির সদস্যরা। তাদের মতে, সাপ মেরে ফেলা সমস্যার সমাধান নয়; বরং সর্পদংশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
 
পূর্বকোণ/মিফতা 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট