চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে নিখোঁজের দুইদিন পর মো. আবদুল নূর তুষার (২২) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় স্থানীয়দের খবরে পুলিশ বায়েজিদ এলাকার খন্দকিয়া-যুগীরহাট সংযোগ সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তুষার বায়েজিদ বোস্তামী থানার ২ নম্বর ওয়ার্ডের মধ্যম কুলগাঁও ওয়াজীর বাপের বাড়ির মো. শামসুল আলমের ছেলে।
স্বজনরা জানান, গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অটোরিকশা মালিক বেলাল হোসেনের সাথে থাকার পর থেকেই তুষার নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বায়েজিদ এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তুষারের মরদেহ উদ্ধার করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উন্মোচন ও ঘটনার পেছনের রহস্য জানতে তদন্ত শুরু হয়েছে।
পূর্বকোণ/রানা/এএইচ

















