চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।
অভিযানে ফ্রিজের মধ্যে কাঁচা মাছ মাংসের সাথে রান্না করা তরকারি সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত রান্না এবং পরিবেশনের প্রমাণ পাওয়ায় সিএমসিম ক্যাফেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, রান্না ও পরিবেশনের পাশাপাশি দধিতে মেয়াদ ব্যবহারের তারিখ না থাকায় চতুর্থ শ্রেণির কর্মচারী ক্যান্টিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্য তালিকা না থাকা এবং ডাবের দাম বেশি রাখার অভিযোগে মেডিকোপ সুপার শপকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিদেশি অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জেবিএল সার্জিক্যাল ইউনিট-২-কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, একই অভিযোগে স্বপ্না মেডিকেল স্টোরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিদেশি অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
চট্টগ্রাম জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, হাসপাতালসংলগ্ন এলাকায় খাদ্য ও ওষুধ বিক্রির ক্ষেত্রে অনিয়মের সুযোগ নেই। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং পণ্যের মূল্য নিয়ে অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদ ও অনুমোদন যাচাই করে ওষুধ বিক্রি এবং পণ্যের সঠিক মূল্য প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর
















